শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

রোববার জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কর্মবিরতি

জাবি প্রতিনিধি:কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হামলার প্রতিবাদকারী শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তবে পূর্বঘোষিত সব পরীক্ষা এই কর্মসূচির আওতাবহির্ভূত থাকবে। শনিবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অহিংস পন্থায় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে আসছিল। তাদের এই যৌক্তিক দাবির প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ, বিশিষ্ট নাগরিকবৃন্দ ও রাজনীতিবিদগণ আকুণ্ঠ সমর্থন জানিয়ে এসেছেন। শিক্ষকরা যখন একটি বিশেষ ছাত্র সংগঠনের নেতৃত্বে, পুলিশের সহায়তায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন, তার কিছু সময় পরই শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নীরবতা পালন করেই চলেছে যা সমিতির ঐতিহ্য ও গঠনতন্ত্রের পরিপন্থী। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষকরা লাঞ্ছিত হলেও সমিতির নীরবতা বিস্মিত করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন শিক্ষক সংগঠনও সমিতির অনুকরণে আন্দোলন এড়িয়ে চলছে। আমরা সমিতিসহ সব শিক্ষক সংগঠনকে দলীয় লেজুড়বৃত্তি পরিহার করে, ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সমর্থনে তাদের অবস্থান পরিস্কার করার আহ্বান জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com