রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি॥ রূপগঞ্জের সর্বত্র এখন কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। ২১টি কিশোর গ্যাংয়ের প্রায় সাড়ে ৪০০ সদস্য গোটা রূপগঞ্জ দাবড়ে বেড়াচ্ছে। এখানে পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে মাস্তান গ্রুপ। ক্ষমতাসীন দলের বা সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে কিশোরদের একটি অংশ এলাকার ‘প্রভাবশালী’ বড় ভাইদের ছত্রছায়ায় করছে নানা অপরাধ। গ্রুপে গ্রুপে দ্বন্দ্বে খুনোখুনি পর্যন্ত হচ্ছে। বাড়ছে হানাহানি সংঘাত। দল বেঁধে মাদক সেবন করছে যত্রতত্র। পিছিয়ে নেই ধর্ষণের মতো অপরাধেও। বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধকান্ডের তদন্তে বেরিয়ে আসছে উঠতি বয়সি তরুণদের নাম।
খোঁজ নিয়ে জানা গেছে, রূপগঞ্জে ২১টি গ্যাং সক্রিয় রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কিং মাস্টার, ডি কোম্পানি, টাইগার গ্যাং, টেনশন গ্যাং, ডেঞ্জার গ্রুপ, সুইচ গ্রুপ, স্যাভেজ গ্রুপ, কুড়াল গ্রুপ, পিনিক গ্যাং, হাতুড়ি গ্যাং, সজীব গ্যাং, আমির গ্যাং, ইভান গ্যাং, পাটানী গ্যাং, আলেক্স গ্রুপ, সেভেন স্টার গ্রুপ, ইয়াং স্টার, কসাই গ্যাং, লাদেন গ্যাং ও বাবা গ্যাংসহ নানা গ্রুপ।
থানা পুলিশ, নিহতের পরিবার ও পত্রপত্রিকা সূত্রে জানা গেছে, রূপগঞ্জে গত ১০ বছরে কিশোরদের হাতে ১৭ জন হত্যার শিকার হয়েছেন। ২০২৩ সালের ১৩ নভেম্বর ভোলাব পাইস্কা এলাকায় তিন কিশোর বন্ধু মিলে হত্যা করে কিশোর মাওলাকে। একই বছরের ২৭ সেপ্টেম্বর ঘুম ভাঙিয়ে দেওয়ায় দাউদপুরের দুয়ারা এলাকায় কিশোর ছোট ভাই জামিল পায়েল হত্যা করে তার বড় ভাই আশরাফুলকে। ২০১৪ সালের ৩ মে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ডের মাদকাসক্ত কিশোর ছেলে আব্দুল কাদিরের হাতে তার বাবা জাহাঙ্গীর আলম হত্যার শিকার হন।
২০২১ সালের ৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় দুই দল কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সানি (১৭) নিহত হয়। ২০২৩ সালের ১৫ এপ্রিল ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সজীব নিহত হয়। ২০২০ সালে কিশোরদের হাতে কায়েতপাড়া এলাকায় আনোয়ার হোসেন ও শিংলাব এলাকায় কিশোর সাইফুল ইসলামের হাতে তার মা দেলোয়ারা বেগম নিহত হয়। ২০২২ সালের ১৭ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন এলাকায় কিশোর দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে সজল নামে এক কিশোর নিহত হয়।
২০১৯ সালের ১৯ জানুয়ারি দাউদপুর কাজীরবাগ এলাকায় কিশোর বন্ধুদের হাতে মাহিম খুন হয়। ২০১৩ সালের ১১ মে গোলাকান্দাইল ইউনিয়নের মৃত আমানউল্লার মেয়ে শান্তা মণিকে পিটিয়ে হত্যা করে কিশোর বখাটেরা। সে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ত। জাঙ্গীর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাঈম হোসেনকে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি গলা কেটে হত্যা করে তার কিশোর বন্ধুরা। একই বছরের ৪ জুন হত্যার শিকার হন মিঠাব এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী নেয়ামুল হক নাঈম। তাকেও তার কিশোর বন্ধুরা হত্যা করে। ২০১৭ সালের ৪ নভেম্বর আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রিয়াংকা আক্তারকে গলা কেটে হত্যা করে কিশোর বখাটে। ২০১৮ সালের ২১ জানুয়ারি খুনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র পারভেজ আহম্মেদ জয়।
সূত্র জানায়, এলাকায় রাজনৈতিক দলের আধিপত্য বিস্তার করতেও কাজ করে এসব গ্রুপের অনুসারীরা। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবে এই আশায় স্থানীয় রাজনৈতিক দলের নেতারা তাদের মাঝে মধ্যেই কাছে টানেন।
অনুসন্ধানে জানা গেছে, নিজেদের বড় ও প্রভাবশালী বলে উপস্থাপন করতে দল বেঁধে ঘুরে বেড়ানো, বাইক রাইডিং, অনলাইন ক্যাম্পিং, দেয়াল লিখনের মাধমে গ্যাংগুলো গড়ে উঠছে। এরপর মেয়েদের উত্ত্যক্ত করা, দল বেঁধে মাদকসেবন, ছিনতাই, চাঁদাবাজি, এমনকি মাদক কারবারেও জড়িয়ে পড়ছে এসব গ্রুপ। প্রতিটি দলে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে অন্তত ১০-১৫ জন করে থাকছে।
স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার করে অপরাধ করতে মহল্লার বড় ভাই এবং রাজনৈতিক দলের নেতারা এসব দলনেতাকে প্রশ্রয় দিচ্ছেন। তাদের হয়ে বিভিন্ন কর্মসূচিতে এবং দখল ও চাঁদাবাজিতে দল ভারী করে উঠতি বয়সি এই অপরাধীরা। বস্তির দিনমজুর থেকে শুরু করে ধনীর দুলালরা এই চোরাবালিতে নিজের অজান্তেই পা দিচ্ছে।
মানবাধিকার, আইন, অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন, গ্যাংগুলোকে যারা ব্যবহার করছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করার পাশাপাশি ওই কিশোরদের সংশোধনেও গুরুত্ব দিতে হবে। এই কিশোর গ্যাংয়ের কাছে রয়েছে দেশি অস্ত্রের ছড়াছড়ি, এমনকি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র। পারিবারিক বন্ধন ক্রমেই শিথিল হয়ে যাওয়া, সামাজিক অবক্ষয়, অস্থিরতা কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।
নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার রুবেল বলেন, ‘কিশোর সংশোধন আইন আছে। কিন্তু যে হারে কিশোর গ্যাং বেড়েছে আরও কঠোর আইন হওয়া দরকার।’ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সরকার বলেন, ‘কিশোর গ্যাং অনেকটা কমে গেছে। বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। আরও অভিযান পরিচালনা করা হবে।’