সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু

হুমায়ুন কবির, রাণিশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। তিনি নীলফামারীর ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) কর্মস্থল থেকে ছুটি নিয়ে সুমন বাড়িতে আসেন। সন্ধ্যায় পরিবারের কাউকে না জানিয়ে তিনি বাড়ির পাশের শ্মশান ঘাটের কাছে যান এবং সেখানে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খান।

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তিনি নিজেই মাকে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাঁর অবস্থার মারাত্মক অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু দিনাজপুরে নেওয়ার পথেই রাত ১টার দিকে তিনি মারা যান।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
‎
‎
‎

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com