শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নবাবগঞ্জে গভীর রাতে দুই মন্দিরে চুরি ও তালা ভাঙার অভিযোগ

ভ্রম্যমান প্রতিনিধি (শুভাশিস গোস্বামী):: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের রাজারামপুর গ্রামে গভীর রাতে শীতলা মন্দিরে চুরি এবং গিরিধারী মন্দিরের তালা ভাঙার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা রাজারামপুর গ্রামের শীতলা মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পুরোনো আমলের পিতলের ঘট, পিতলের ছিপকুশ, কাঁসর-ঘণ্টাসহ বিভিন্ন পূজার সরঞ্জাম। দীর্ঘদিন ধরে এসব সামগ্রী মন্দিরে পূজা-অর্চনার কাজে ব্যবহৃত হয়ে আসছিল।

এদিকে একই রাতে পাশের গিরিধারী মন্দিরের তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকালে মন্দিরে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান সংশ্লিষ্টরা। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মন্দিরে জড়ো হন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, মন্দিরের প্রাচীন পূজার সাম গ্রী শুধু ধর্মীয় মূল্যই বহন করে না, এগুলোর সঙ্গে এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য ও স্মৃতিও জড়িয়ে রয়েছে। তাই চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি রাজারামপুরের মন্দিরগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়েছে কি না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com