রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শীঘ্রই পদ্মায় ফেরি সার্ভিস চালুর আশ্বাস—খন্দকার আবু আশফাক

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি

ভ্রাম্যমান প্রতিনিধি:: শীঘ্রই পদ্মার দোহার এলাকার মৈনট থেকে ফরিদপুরের চরভদ্রাসন ঘাটে ফেরি চলাচল শুরু হবে বলে আশস্ত করলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বর্ধনপাড়ার কমিউনিটি সেন্টারে নবাবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে সমিতির সদস্য শাজাহান শিকদারের সঞ্চালনায় সাবেক স্বাস্থ্য সচিব আলী নুরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আশফাক বলেন, দোহারের মৈনটঘাট দিয়ে ঝুঁকি নিয়ে নৌযান চলাচল করে। এতে দীর্ঘ সময়ের ব্যয় হয়। ফরিদপুরসহ কয়েকটি জেলার লোক এই ঘাট দিয়ে ঢাকায় যাতায়াত করে। তাদের বিড়ম্বনা লাঘবে বিআইডব্লিউটিএর উদ্যোগে খুব শীঘ্রই এই ঘাটে ফেরি চলাচল শুরু হবে। নদীর দুই পারেই ফেরির পুন্টন দেয়া হয়েছে। এছাড়া মৈনটঘাট এলাকায় বেজার অর্থায়নে শিল্পনগরীর কাজ শুরু করতে প্রায় ২১৫ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন আছে। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার দ্রুত এ প্রকেল্পর কাজ শুরু করবে। বিগত সরকারের ফেলে রাখা জনকল্যাণমূলক যে কোনো কাজ বিএনপি সরকার সম্পন্ন করবে।

তিনি বলেন, নবাবগঞ্জ কল্যাণ সমিতির ৯ বছরে জনগণের কাঙ্খিত লক্ষ্য সাধন করতে পারেনি। বিগত সময়ে লুটপাটের রাজনীতির সাথে যারা ছিলো তাদের সহযোগীরাই এসব কাজে হস্তক্ষেপ করেছে। দারিদ্র জনগোষ্ঠির উন্নয়ন, অসহায় মেধাবীদের শিক্ষার অগ্রসরে এবং উচ্চ শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য এ সমিতিকে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। নামেই কল্যান নয়, কাজের কল্যাণ করতে হবে। শুধু বক্তব্য বিবৃতি দিয়ে কল্যাণ হয় না। সমাজের প্রতিষ্ঠিত মানেুষর কাছে দারিদ্র মানুষের কিছু প্রত্যাশা থাকে। সেটা পূরণ করার দায়িত্ব এসব সংগঠনের।

এসময় তিনি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এলাকার উন্নয়নকল্পে কল্যাণ সমিতিকে আরো গতিশীল করার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত নানা শ্রেণী পেশার মানুষের প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, আধুনিক ফায়ার সার্ভিস স্থাপনসহ ঢাকা- নবাবগঞ্জ সড়ককে চার লেনে উন্নিত করা পরিকল্পনা ও প্রাক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী বছরের শুরুতে দৃশ্যমান কাজের অগ্রগতি দেখা যাবে।

সভা শেষে আগামী এক বছরের জন্য সাবেক জেলা ও দায়রা জজ খন্দকার আবুল হোসেনকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির কমিটি ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাহমুদ আলী খান (টুলু স্যার), সাবেক সচিব মনিরুজ্জামন খান, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নাজমুল হক, জাতীয় কাবাডি সংস্থার সদস্য আনোয়ার হোসেন, সাবেক মেজর এবিএম আব্দুল মান্নান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com