রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি বুয়েট শিক্ষার্থীদের অনুরোধ

অনলাইন ডেস্ক।।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বুয়েটর এ এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) রাজনীতিমুক্ত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনে আইন সংস্কার করে হলেও বুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখুন। কারণ সুবিচারের জন্যই আইনের সৃষ্টি। ছাত্ররাজনীতিহীন বুয়েট ক্যাম্পাস কীভাবে আদর্শ হয়ে উঠেছে তা দেখাতে প্রধানমন্ত্রীকে বুয়েট ভ্রমণের আহ্বান জানিয়েছেন এই শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। আমরা মেধা ও শ্রমের সবটুকু দিয়ে বিজ্ঞানের দুনিয়ার একটা অংশের নেতৃত্বে বাংলাদেশকে দেখতে চাই। আমরা ত্রাসের রাজনৈতিক মারপ্যাঁচ বুঝি না। আমরা শুধু দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে জানি। নিজেদের কাজ দিয়ে তা আমরা প্রমাণ করতে বদ্ধপরিকর।

শিক্ষার্থীরা আরও বলেন, বুয়েট ও কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির অনুমতি দিয়ে খসড়া প্রণয়ন করে যখন বঙ্গবন্ধুর কাছে উপস্থাপন করা হয়, তিনি বলেছিলেন এই দুটি বিশ্ববিদ্যালয়কে নষ্ট করা চলবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন বুয়েটের প্রকৃতি ভিন্ন। তাই তিনি নিজে রাজনীতির আওতা থেকে এই বিশ্ববিদ্যালয়কে বাইরে রেখেছিলেন। বুয়েটকে ঘিরে আমাদের জাতির জনকের যে ভিশন ছিল, তাকে বাস্তবায়ন করা হোক।

ক্যাম্পাসে রুটিনমাফিক পড়াশোনা ও গবেষণায় মনোনিবেশ করার পর কোনো ছাত্রের পক্ষে রাজনৈতিক কার্যক্রমে অংশ নেয়ার সময় দেয়া সম্ভব নয় বলেও জানান এই শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com