রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

রমজান মাসে দেশে কোনও পণ্য সংকট হবে না: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘নির্বাচনের আগে অনেক ধরনের গুজব ছিল, সেসব মিথ্যা প্রমাণ হয়েছে। সংবিধান অনুযায়ী ভালো একটি সরকার আমরা পেয়েছি। নির্বাচন শেষে সবাই আমাদের অভিনন্দন জানিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘রমজান মাসে দেশে কোনও পণ্য সংকট হবে না।’

রবিবার (২৮ জানুয়ারি) দিরাই উপজেলার পুরোনো নগদিপুর বাজার মাঠে সালমান এফ রহমানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপজেলার বাসিন্দা ও লন্ডনপ্রবাসী সমাজসেবক জিল্লুর হোসেন এমবিই এ আয়োজন করেন।

সালমান রহমান বলেন, ‘এখন আমাদের দায়িত্ব দেশের ভালো অর্থনৈতিক অবস্থাটা ধরে রাখা। করোনা এবং ইউক্রেন ও গাজা যুদ্ধের কারণে যে চ্যালেঞ্জগুলো এসেছে, সেগুলো মোকাবিলা করা। সে জন্য কিছু সংস্কার করতে হবে।’

তিনি বলেন, ‘রমজান মাসে দেশে কোনো পণ্য সংকট যাতে না হয়, সে ব্যাপারে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারত আমাদের পণ্য দিয়ে সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তবে দিরাই উপজেলার যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কথা জেনে খুবই অবাক হলাম। উপজেলার সব রাস্তাঘাটের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, ব্রিটেনের রাজনীতিবিদ পল স্টুয়ার্ট ক্রলি, এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম, আরআর গ্রুপের চেয়ারম্যান ড. সুমন চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com