রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

অনলাইন ডেস্ক:: মিয়ানমারের বিভিন্ন জেলে কারাভোগ শেষে এবং সাজা মওকুফের পর দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১টায় কর্ণফুলী জাহাজে করে কক্সবাজারের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছান তারা।

এর আগে মঙ্গলবার বিকালে প্রত্যাবাসিত ১৭৩ বাংলাদেশিকে নিয়ে ‘চিন ডুইন’ নামক জাহাজ মিয়ানমারের রাখাইনের সিতোয়ে বন্দর ছাড়ে। সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে ১৭৩ জনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর শেষে বাংলাদেশি জাহাজে করে কক্সবাজার আনা হয়।

প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ফেরত আসা ব্যক্তিদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ শুরু হয়েছে।

এদিকে নিখোঁজ প্রিয়জন ফিরছেন জেনে তাদের কাছে পেতে বুধবার সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট এলাকায় অপেক্ষা করতে থাকেন তাদের বাবা-মা-ভাইবোনসহ স্বজনরা।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের খারাংখালী এলাকার বাসিন্দা ছেনেয়ারা বেগম বলেন, ‘১২ বছর আগে আমার ভাই খোরশেদ আলম (৩০) নিখোঁজ হন। মঙ্গলবার খবর পাই মিয়ানমার কারাগার থেকে অনেক বাংলাদেশিকে আনা হচ্ছে। তাই ভাইয়ের জন্য অপেক্ষায় আছি। ছেলের জন্য কাঁদতে কাঁদতে শোকে আমার মা মারা গেছেন।’

উখিয়ার পালংখালী মধ্যম ফারির বিল এলাকার ফরিদা খাতুন বলেন, ‘আমার ছেলে আরাফাত হোসেন (২০) অটোরিকশা চালাতো। দালালের খপ্পরে পড়ে ১৪ মাস আগে মালয়েশিয়া যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৯ মাস পরে তার চিঠি পেয়ে নিশ্চিত হয়েছি সে মিয়ানমারের কারাগারে রয়েছে। নিকট আত্মীয়ের মাধ্যমে খবর পেয়েছি মিয়ানমার থেকে তাদের আনা হচ্ছে। আমি এখনো নিশ্চিত না যে, সেখানে আমার ছেলে আছে কি না। তারপরও ছেলেকে পাওয়ার একবুক আশা নিয়ে এসেছি।’

পালংখালী গ্রামের বাসিন্দা সাবেকুন্নাহার, হাজেরা খাতুন ও কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার জমিলা, উখিয়ার বদি বলমের শাহ আলম, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়ার নুরুল ইসলামরাও বুধবার সকাল থেকে অপেক্ষায় নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট এলাকায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com