রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
আবুল হাসেম ফকির॥ ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট মিনিকক্সবাজার খ্যাত জনগণের বিনোদনের একটি অন্যতম স্থান। স্থানীয় লোকজন ও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন এখানে। কিন্তু বর্তমান সময়ে এ বিনোদন কেন্দ্রটি ইটবালু ব্যবসায়ী ও পরিবহন মালিকদের দখলে এমন অভিযোগ ভ্রমণপিয়াসুদের।
মিনি কক্সবাজার খ্যাত ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় রাস্তার ওপর চলছে বালুর ব্যবসা। বাতাসে স্তুপ থেকে বালু উড়ে এসে পড়ছে দর্শনার্থীদের চোখে মুখে। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এছাড়া বাসের দখল দারিত্বে রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন একুশের কণ্ঠকে বলেন, সড়ক দখল করে কেউ ব্যবসা করলে স্থানীয় প্রশাসনকে বলে ব্যবস্থা নেয়া হবে। জনগণের চলাচলে কোনো বিঘœ ঘটে এমন কিছু করার সুযোগ নেই।
সরেজমিনে দেখা যায়, মৈনট ঘাট এলাকায় রাস্তা ঘেঁষেই রয়েছে বালুর বিশাল স্তুপ। রাজধানীর থেকে আসা দর্শনার্থী মোস্তফা বলেন, ‘মৈনট ঘাটে বালুর স্তুপের কারণে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় না। স্তুপ করে রাখা বালু উড়ে এসে শরীরে মেখে যাচ্ছে। আমরা স্বাচ্ছন্দ্যমতো চলাফেরা করতে পারছি না। এমন পরিবেশ থাকলে ভবিষ্যতে আর আসা হবে না।’ বালু ওড়ার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে মৈনট ঘাট এলাকার দোকানদাররাও।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পদ্মা নদীর তীরবর্তী মৈনট ঘাট ভ্রমণপিপাসুদের প্রিয় জায়গা। এখানে দর্শনার্থীরা স্পিডবোটে পদ্মা নদীতে ঘুরে বেড়ান। বালু ব্যবসায়ীদের কারণে জায়গাটির সৌন্দর্য নষ্ট হচ্ছে। যত্রতত্র বালু বহনের কারণে সেগুলো বাতাসে উড়ে দর্শনার্থীদের চোখেমুখে যাচ্ছে। এতে দিন দিন পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে।

মেঘুলা এলাকার বাসিন্দা মোশারফ বলেন, ‘ মৈনট ঘাটে বালুর লাইগ্যা সড়কে হাডা যায় না। সড়কে হাডার সময় বালু উইড়া চোহে মুহে যায়। বাসায় যাইয়্যা চোখ পানি দিয়া না ধুইলে জ্বালাপোড়া করে। এগুলান দেহার কেউ নাই। দিন দিন যন্ত্রণা বাড়তাসে।’
সরেজমিনে দেখা য়ায় এখানে আসলে সমুদ্রের বেলাভূমির খানিকটা আভাস মেলে। দিগন্ত ছুঁয়ে থাকা পদ্মার উত্তাল ঢেউয়ে দুলতে থাকা নৌকা প্রায় ডুবুডুবু স্পিডবোটের ছুটে চলা। পাড়ে সারিবদ্ধ বাহারি রঙের ছাতার তলায় পেতে রাখা চেয়ার। ঘাটের কাছাকাছি বিভিন্ন মুদিদোকান ও হোটেল। সেগুলোর সাইনবোর্ডে ঘাটের পরিচিতি ‘মিনি কক্সবাজার’। কিন্তু বর্তমানে প্রশাসনের নজরদারি অভাবে মৈনটঘাট মিনিকক্সবাজার তার জৌলস হারিয়েছে।
রাস্তার দুই পাশে বালুর স্তুপ আর যমুনা ও দ্রু পরিবহন বাস পার্কিং করে সকল সৌন্দর্য বিলীন করে ফেলেছে। পদ্মা নদী বাম তীর সংরক্ষণ ও নদী শাসন পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর দক্ষকর্ম যজ্ঞের কারনে মেরিন ড্রাইভ এর কাজ চলছে। যা ইতোমধ্যে জনমনে নেতিবাচক প্রভাব ও প্রশংসিত হয়েছে। একটি সিন্ডিকেটের নেতৃত্বে এখানে বালু ড্রেজার ব্যবসায়ীসহ রাস্তার দুই পাশে যত্রতত্র বাস পার্কিং করে রাখার কারনে আধা কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।
মৈনটঘাটের অপরপ্রান্ত ফরিদপুর জেলার শরিয়তপুর থেকে লঞ্চে ও টলার স্পিডবোট করে আসা যাত্রী সাধারণ ও মৈনটঘাটে আসা ভ্রমণ পিয়াসু জনসাধারনের পোষাক ধুলো বালুতে নষ্ট হয়ে যায়। ফলে অনেকেই এখন আগ্রহ হারাচ্ছে। মিনি কক্সবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কালাম বলেন,ইট বালু ব্যবসায়ী ও পরিবহন মালিকদের দাপটে সৌন্দর্য হারাচ্ছে দোহারের মৈনটঘাটের মিনি-কক্সবাজারে। এছাড়া স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, ইট,বালু আর বাসের কারনে এখানের পরিবেশ নষ্ট হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় মাহমুদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী বলেন, নদীর পাড়ে অনেকেই খালি জায়গা পেয়ে ব্যবসা করেন। এছাড়া বিভিন্ন পরিবহনে করে লোকজন আসেন এখানে পদ্মা নদী দেখতে। মৈনটঘাটের মিনি-কক্সবাজারে সৌন্দর্য রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে।