শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

মালয়েশিয়ায় ভবন ধসে তিন বাংলাদেশি নিহত, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: মালয়েশিয়ায় বাতু মং- এ নির্মাণাধীন একটি ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। এসময গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এছাড়া আরও চারজন এখনো নিখোঁজ রয়েছেন। তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম নিউস্ট্রেইটস টাইমস জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার পরে বাতু মং-এর পেনাংয়ে মালয়েশিয়ার ফিশারিজ ডেভেলপমেন্ট অথরিটির (এলকেআইএম) কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় সাইটে ১৮ জন শ্রমিক ছিলেন। তবে তাদের মধ্যে নয়জন নামাজ পড়তে গিয়েছিলেন। বাকি নয়জন ১২ মিটার লম্বা একটি বিমের নিচে কাজ করছিলেন, যার ওজন প্রায় ১৪ টন। সেটি হঠাৎ ২০ মিটার উচ্চতা থেকে ১৪টি বিমের ওপর ভেঙে পড়ে। এতে আটকা পড়েন শ্রমিকরা।

রাজ্যের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ বলেছেন, ‘গতকাল রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আমরা একটি কল পাই, পরে উদ্ধরকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। নিহত তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন হাসপাতালে মারা যান। আহত দুজনকে পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বুধবার সকালে ঘটনাস্থলে সংবাদিকদের তিনি বলেন, ‘আমরা দমকল বাহিনীর সহায়তায় আরও চার নিখোঁজ শ্রমিককে খুঁজছি। তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com