বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মাউশির

একুশের কণ্ঠ প্রতিবেদন:: সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করে সনদ সংগ্রহ করতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে কোর্সটি সম্পন্ন করতে হবে।

মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে কোর্সটি পাওয়া যাবে। শিক্ষকরা নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশন করে এতে যুক্ত হতে পারবেন।

https://itlms.naem.gov.bd/my/scorm-courses এই লিংকে প্রবেশ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা কোর্সে অংশ নিতে পারবেন।

সাইবার নিরাপত্তাবিষয়ক এ প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি মডিউল রয়েছে। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রমটি সম্পন্ন করার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে শেয়ার করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।

ছয়টি মডিউল ও নির্ধারিত শ্রেণি কার্যক্রম সম্পন্ন করার পর শিক্ষকরা অনলাইন থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাউশি ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com