বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে ব্রেন্ট ক্রুডের দাম।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গ্রিনিচ মান সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ। ফলে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৬৩ ডলারে।

ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর পর তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের চলমান যুদ্ধ এরইমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।

গত ছয় মাসের যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্রমেই কমে আসায় এবং নতুন করে সংঘাত তীব্র হওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও।

আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তেলের দাম দ্রুতই ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যেতে পারে বলে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com