বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংগৃহীত ছবি একুশের কণ্ঠ প্রতিবেদন:: চলতি মাসের শেষ সপ্তাহে বা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আত্মহত্যা প্রতিরোধ দিবস’-এর আলোচনায় তিনি এ শঙ্কার কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ে ৩ মাসের ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুহার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে। রোগী বৃদ্ধির শঙ্কায় বেড, স্যালাইন ও টেস্ট কিট মজুদ রাখা হয়েছে।
এসময় আত্মহত্যা প্রতিরোধ নিয়ে এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব না দেওয়ায় আত্মহত্যার হার বেড়েছে। কিশোর-কিশোরীরা আত্মহত্যা করলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। আত্মহত্যা কমাতে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে সরকার।