মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

মাদক কিশোর গ্যাং উগ্রপন্থা ঠেকাতে কমিউনিটি পুলিশিং সক্রিয় জরুরী—খন্দকার আবু আশপাক

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

নিজস্ব প্রতিবেদক:: মাদক, কিশোর গ্যাং ও উগ্রপন্থার বিস্তাররোধে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারি পুলিশ সুপার শামীম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

মতবিনিময় সভায় আবু আশফাক এমপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও উগ্রপন্থার মতো অপরাধ নির্মূলে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, তরুণ ও কিশোরদের বিপথগামী হওয়ার আগেই তাদের সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। কোনো এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা কিংবা উগ্রপন্থার কোনো লক্ষণ দেখা দিলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তিনি আরো বলেন, সামাজিক অস্থিরতা রোধে দায়িত্বশীল মানুষকে সহনশীল হতে হবে। প্রকৃত অপরাধীকে না ধরে যেন ব্যক্তিগত শত্রুতা উদ্ধারে কাউকে নিষিদ্ধ সংগঠনের জড়িত করা ঠিক হবে না।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, পুলিশ জনগণের বন্ধু। অপরাধ প্রতিরোধে পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই প্রত্যেক এলাকায় কমিউনিটি পুলিশিংকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে হবে। সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে অপরাধ প্রতিরোধ অনেক সহজ হবে। এছাড়া পুলিশের কোনো সদস্য যদি অপরাধের সাথে জড়িত থাকে তাকেও ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ্ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবুল কালাম,কমিউনিটি পুলিশিংয়ের নবাবগঞ্জ থানার সভাপতি খন্দকার আবু শফিক(মাসুদ), সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক ভিপি হারুনুর রশিদ ওসমানী, মহসীন রহমানসহ সাবেক বর্তমান অনেক নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন তুষার আহমেদ, জাহাঙ্গীর আলম জুয়েল, রাহিনুল ইসলাম, মোজাহিদ খান, ইসতিয়াক আহমেদ চৌধুরী, ইয়াসমিন আক্তার, শাহিনুর আলম, বিলকিস চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের সাবির্ক তত্ত্বাবধায়নে ছিলেন নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com