শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনা জামিনে মুক্ত

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে আটক ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনা মুক্তি পেয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। বিকেল সাড়ে ৪টায় তিনি তার মগবাজারের ডাক্তার গলি বাসায় পৌঁছেন।

হাসনা হেনার সহকর্মী ভিকারুননিসার সিনিয়র শিক্ষক সুলতানা মুক্তারি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার হাসনা হেনা আপার জামিন আদালত মঞ্জুর করেন। আজ তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

গতকাল রবিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম বাকীবিল্লাহ শিক্ষিকা হাসনা হেনার জামিন মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ৩টা ২০ মিনিটে ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাইদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার রাত ১১টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর শিক্ষক হাসনা হেনাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com