রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ভারত ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে দাঁড়িয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতসহ যে সব বন্ধুদেশ আছে, তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি, তারা আমাদের ভোট বানচালের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ৪১ ভাগেরও বেশি ভোট দিয়ে মানুষ শেখ হাসিনাকে জয়ী করেছে, যেটা অনেক উন্নত দেশেও পরে না। ‘তারপরও বলবে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে’! ইন্ডিয়া কোথায়! আমাদের দেশের মানুষ ভোট দিয়েছেন। তারা আমাদের ভোট দেননি। তারা ভোট বানচাল প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ করে। তারা ইফতার খাওয়ার পার্টি করে আর আমরা ইফতার দেওয়ার পার্টি করি। এটাই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণে যে উদ্যোগ নিয়েছে, সেটা সারা ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে।

দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে মানুষের মাঝে প্রশ্ন আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যদিও এখন কিছু কিছু পণ্যের দাম কমে যাচ্ছে। পেঁয়াজ ৩০ টাকার মধ্যে নেমে এসেছে। দাম আরও কমবে এবং সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আসবে।

তিনি বলেন, পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোন রাজনৈতিক ইস্যু যখন থাকে না, তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনতো আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে, সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু।

‘অবাক করা এক দল বিএনপি’ মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, এক নেতা বলে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আরেকজন বলে ভারতীয় পণ্য বর্জন করুন। এখন এই দলের নেতায় নেতায় মতের কোনো মিল নেই। মঈন খান বলেন এক কথা, রিজভী বলেন আরেক কথা! আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব বলেন আরেক কথা!

এসময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রমুখ।

ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com