রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় 

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দুদিনের সফরে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। লাতিন আমেরিকার দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম ঢাকায় পা রাখলেন।

রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাণিজ্য, বিনিয়োগ সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা নিয়ে তার এই সফর। সফরে কারিগরি সহায়তা, ক্রীড়া, কৃষি ও প্রতিরক্ষা বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।

দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্রাজিলিয়ান মন্ত্রী। এ ছাড়া সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাউরো ভিয়েরা।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদল এসেছে। ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, ব্রাজিলে তৈরি পোশাক, ওষুধ, পাট, সিরামিক পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আর ব্রাজিল থেকে আমদানি করা হয়- তুলা, চিনি, সয়া, সয়াবিন তেল। দুদেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এখন ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে ব্রাজিলে রপ্তানির তুলনায় ৭ গুণ বেশি আমদানি করে বাংলাদেশ। সে কারণে বাণিজ্যে ভারসাম্য আনতে চায় ঢাকা। ব্রাজিলে পোশাক রপ্তানি করতে ৩৫ শতাংশ শুল্ক দিতে হয়। দীর্ঘদিন ধরে এই শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। প্রস্তাব দেওয়া হয়েছে দুই দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তিরও। তবে সে আলোচনায় কোনো গতি পায়নি। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে শুল্ক প্রত্যাহার ও মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে বড় আকারে আলোচনা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com