শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ব্যাট ফিরে পেলেন ইমরান খান, নির্বাচনের আগেই বড় জয়!

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কন্ঠ : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান কারাগারে। দলের নেতাদের ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবুও পাকিস্তানের নির্বাচনে বড় দল ইমরান খানের দল। তাদের জব্দ করতে শেষ পর্যন্ত দলের এতদিনের প্রতীকও বাতিল করে দেওয়া হয়েছিল। তবে দেশটির হাইকোর্ট ওই রায় বাতিল করে দিয়েছেন। ফলে আবারও ব্যাট হাতে দাঁড়াতে পারবেন ইমরান খান। খবর হিন্দুস্তান টাইমস।

দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করার জন্য জোর দিয়েছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। দলটি নতুনভাবে নির্বাচন করে গওহর আলী খানকে দলের প্রধান নির্বাচিত করলেও নির্বাচন কমিশন তা মানতে আপত্তি জানায়। ফলে নির্ধারিত সময়ে তারা দলটিকে এ ব্যাপারে কোনো সার্টিফিকেট দেয়নি। এরই জেরে পরে দলটির প্রতীক ব্যাটও বাতিল করে দেওয়া হয়।

নিষেধাজ্ঞা দেওয়া হয় ব্যাট প্রতীকে নির্বাচন করার ক্ষেত্রে। প্রতীক হারানোর কারণে পুরো দলটির সব প্রার্থী স্বতন্ত্র হয়ে যাওয়ারও আশঙ্কা দেখা দিয়েছিল। ফলে বিষয়টি নিয়ে পেশোয়ার হাইকোর্টের দারস্থ হয় পিটিআই। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ এক রায়ে নির্বাচন কমিশনের ওই নিষেধাজ্ঞা স্থগিত করে দেন। এটিকে নির্বাচনের আগেই দলটির জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

পিটিআইয়ের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি ন্যায়বিচারের পক্ষে একটি জয়। চূড়ান্ত রায়েও আদালত নির্বাচন কমিশনের নির্দেশ বাতিল করে দেবেন বলে আমরা আশা করছি।

মঙ্গলবার শুনানি চলাকালে পিটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর আদালতকে জানান, যখন কোনো দল তাদের অভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনের ফলের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে জানায়, তখন কমিশন একটি সার্টিফিকেট দেন এবং ওয়েবসাইটেও সেটি প্রকাশ করেন। কিন্তু নির্বাচন কমিশন পিটিআইয়ের নতুন নেতৃবৃন্দ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে এবং প্রতীক বরাদ্দ দিতে অস্বীকৃতি জানায়। ফলে পিটিআইকে আসন্ন নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে দেওয়া হবে না, এমন শঙ্কার সৃষ্টি হয়। তবে হাইকোর্টের রায়ে আপাতত সেই শঙ্কা দূর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com