রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হোসাইন মোহাম্মদ সাগর

স্টাফ করেসপন্ডেন্ট:: আগামী ১ থেকে ৭ মার্চ রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে (সোচি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব উৎসব বা ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল। এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কুষ্টিয়ার ছেলে হোসাইন মোহাম্মদ সাগর।

রাশিয়ায় অনুষ্ঠিতব্য এই উৎসবে এবার বিশ্বের ১৮০টি দেশের ২০ হাজার যুব প্রতিনিধি ও ডিপ্ল্যোমাটরা অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশ থেকে সাগরের সাথে অংশ নিচ্ছেন আরও ৯৪ জন। তারা সকলেই নিজ নিজ জায়গা থেকে নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

এই ৯৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩২ জন যুব প্রতিনিধি বিশ্ব যুব উৎসবের মূল প্রোগ্রাম শেষ করে অংশ নেবেন রুশ সরকারের বিশেষ আমন্ত্রণ হিসেবে এই উৎসবের আরেক আয়োজন রিজিওনাল প্রোগ্রামে। এই আয়োজনে সমগ্র বিশ্ব থেকে মোট ২ হাজার যুব প্রতিনিধি অংশ নিবেন। ৭ মার্চ উৎসবের মূল প্রোগ্রাম শেষে যখন সকলে দেশে ফিরবেন, তখন রিজিওনাল প্রোগ্রামের অংশ হিসেবে সাগর সহ বাংলাদেশের ৩২ জন যুব প্রতিনিধি রাশিয়ার ৩০টি অঞ্চলে একটি ফ্রি ট্যুর পাবেন। এই ট্যুরটি ১৭ তারিখ মস্কোতে এসে শেষ হবে এবং সেখান থেকে পরবর্তীতে তারা দেশে ফিরবেন।

এর আগে অনলাইনে আবেদনের মাধ্যমে এই অংশগ্রহণকারীরা এই উৎসবে অংশগ্রহণের জন্য আবেদন করেন। সেখানে তারা নিজেদের কর্মদক্ষতা, এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস, সাংস্কৃতিক অন্তভূক্তি, সামাজিক কার্যক্রম ও শিক্ষাগত যোগ্যতাগুলো তুলে ধরেন এবং প্রয়োজনীয় নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেন। সেখান থেকে তাদের সবকিছু বিবেচনায় নিয়ে দক্ষ বিচারকগণ বৈশ্বিকভাবে মার্কিং করেন। এরপর পয়েন্টের ভিত্তিতে তাদের অংশগ্রহণ, ফুল ফান্ডেড ট্রিপ, রিজিওনাল প্রোগ্রামে অংশ নেওয়া এবং পার্শিয়াল ফান্ডের বিষয়গুলো নির্ধারণ করা হয়। এই আয়োজনে অংশগ্রহণের জন্য এবার বিশ্বের ১৮৮টি দেশ থেকে ৩ লাখের বেশি আবেদন জমা পড়ে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে হোসাইন মোহাম্মদ সাগর বাংলাদেশের তরুণ যুব নেতা হিসেবে রাশিয়ার ‘নিউ জেনারেশন প্রোগ্রামে’ অংশগ্রহণের সুযোগ পান। সে সময় তিনি মস্কোতে নিউ জেনারেশন প্রোগ্রাম এবং অনুষ্ঠিতব্য বিশ্ব যুব উৎসব কীভাবে আরও সুন্দর করা যায় এবং তরুণদের জন্য আরও আকর্ষণীয় করা যায়, সাগর তার প্রেজেন্টেশনে সেই বিষয়গুলো তুলে ধরেন। এসময় তিনি ১২টি দেশের ৪৮জন তরুণ নেতাসহ রাশিয়ার সরকারী কর্মকর্তাদের সামনে এ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ নিয়ে সাগর বলেন, এই উৎসবে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস, বিশ্বের বিভিন্ন দেশের যুবকদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমি নিজেকে আরও সমৃদ্ধ করতে পারব। এছাড়া এই উৎসব বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি সুবর্ণ সুযোগ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো বিশ্ব দরবারে আমাদের দেশের মর্যাদা বৃদ্ধি করতে। আমি বিশ্বাস করি, এই উৎসবের মাধ্যমে বিশ্বের যুব সমাজ একত্রিত হতে পারবে এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে পারবে।

হোসাইন মোহাম্মদ সাগর সংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়ার সন্তান। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাতে। সাগরের বাবা মো. সামসুল হক একই উপজেলার কুশাবাড়ীয়া-চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সাগরের মা মোছা. মাহফুজা বেগম (মৃত) এবং মোছা. নূরজাহান গৃহিনী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com