বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বিটল পোকা খেতে গিয়ে বিপাকে ফারহানা ভাট

বলিউড অভিনেত্রী ফারহানা ভাট

বিনোদন ডেস্ক:: বৈয়ামের ভেতরে কিলবিল করছে বিটল পোকা। হাত দিয়ে তা ধরতে গিয়ে চিৎকার করে উঠেন বলিউড অভিনেত্রী ফারহানা ভাট। রীতিমতো তার হাত-পা কাঁপতে থাকে। খানিকটা সাহস সঞ্চয় করে পুনরায় বৈয়ামের ভেতরে হাত দেন, ধরে নিয়ে আসেন একটি বিটল পোকা। এরপর জীবন্ত পোকাটি নিজের মুখে পুরে দেন। তারপর পাগলের মতো অবস্থা তার। একবার বমির ভাব দেখালেও মুখ বন্ধ করে পোকাটি গিলে ফেলেন, নিজের চুল নিজেই টানতে শুরু করেন ফারহানা ভাট।

টিভি রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-এর ১৫তম আসরে অংশ নিয়েছেন অভিনেত্রী ফারহানা ভাট। এ প্রতিযোগিতার একটি টাস্কে তাকে এই পরীক্ষা দিতে হয়। আর সেই পর্বের একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নির্মাতারা। তাতে এমন দৃশ্য দেখা যায়।

প্রোমোটি প্রকাশের পর থেকে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন স্টান্টে তার অপ্রত্যাশিত ও সাহসী পারফরম্যান্সের কারণে ফারহানাকে ক্রমেই এই মৌসুমের ‘ডার্ক হর্স’ হিসেবে অভিহিত করা হচ্ছে। অনেকে তাকে ‘যোদ্ধা’ বলে মন্তব্য করেছেন। আগামী ২২ ও ২৩ আগস্ট কালার্স টিভিতে প্রচার হবে ফারহানার পুরো স্টান্টটি।

সূত্রের বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, স্টান্টভিত্তিক রিয়েলিটি শোটির শীর্ষ দুই ফাইনালিস্টের একজন ফারহানা। চ্যাম্পিয়নের শিরোপার জন্য করন ওয়াহির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। গত জুনে কেপটাউনে অনুষ্ঠিত হয় ‘খতরোঁ কে খিলাড়ি’ শোয়ের ১৫তম আসরের শুটিং।

জম্মু-কাশ্মীরের কন্যা ফারহানা ভাট। ২০১৬ সালে ‘সানশাইন মিউজিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ সিনেমার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এটিই তার অভিষেক চলচ্চিত্র। পরবর্তীতে ‘লাইলী মজনু’, ‘নোটবুক’, ‘কান্ট্রি অব ব্লাইন্ড’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

ওয়েব দুনিয়াতেও পা রেখেছেন ঊনত্রিশের ফারহানা। অ্যামাজন প্রাইমের ‘হেভেন অব হিন্দুস্তান’, ডিজনি+হস্টারের ‘ফ্রিল্যান্সার’সহ প্রভৃতি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। তাছাড়া বিশের অধিক মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com