রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

বাংলাদেশকে অবশ্যই মানবাধিকারে অগ্রাধিকার দিতে হবে: জাতিসংঘ

অনলাইন প্রতিবেদক:: জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের বর্তমান সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছে। তাদের অবশ্যই মানবাধিকারকে অগ্রাধিকার দিতে হবে। দেশে দমনমূলক প্রবণতা পরিহার করতে হবে এবং অংশগ্রহণমূলক রাজনীতির দিকে ঝুঁকতে হবে। এ জন্য বড় ধরনের সংস্কার প্রয়োজন।

বুধবার (২৪ জানুয়ারি) সংস্থাটির মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিশেষজ্ঞরা বলেন, ভোটের আগে কয়েক মাস ধরে হাজার হাজার বিরোধী সমর্থককে নির্বিচারে আটক করা বা ভয় দেখানো, সুশীল সমাজ, মানবাধিকারকর্মীদের ওপর হামলা এবং হয়রানি- এসব খবরে আমরা উদ্বিগ্ন। এসব ঘটনা সাম্প্রতিক নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছে।

তারা আরও বলেন, বাংলাদেশে মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনের বিপজ্জনক অবক্ষয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট হওয়ার কারণে আমরা শঙ্কিত। এটি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে এবং এর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকেও বিপন্ন করতে পারে।

মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, অবাধ ও বাধাবিহীন অনুশীলনের নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেন তারা। বিশেষ করে রাজনৈতিক সমাবেশে অযথা বিধিনিষেধ আরোপ করা থেকে বিরত থাকতে বলেন বিশেষজ্ঞরা। একই সাথে এই মৌলিক স্বাধীনতার গুরুতর লঙ্ঘন করা হলে, কেন করা হলো, তার জবাবদিহিতা নিশ্চিত করতে বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, আমরা মানবাধিকার ও আইনের শাসনকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ সরকারকে সমর্থন ও পরামর্শ দিতে প্রস্তুত রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com