শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করে নাশকতার মামলায় দুই শিক্ষার্থী কারাগারে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপুর গুজবের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করে দুই শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়ে।

গ্রেফতারকৃতরা হলেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র জোবায়ের হোসাইন ও ইমতিয়াজ আহমেদ ফাহিম। গ্রেফতার হওয়া দুই শিক্ষার্থী ইসলামী ছাত্রশিবিরের সমর্থক বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

তবে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে ওই দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেন রুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় রোববার নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ছাত্রলীগ নেতা চৌধুরী মাহফুজুর রহমান তপু।

এদিকে রোববার পুলিশ একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে দুই শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু মতিহার থানায় দেওয়া তার অভিযোগে বলেন, শনিবার রাতে রুয়েট শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘রুয়েট কমন রুম’ -এ চলমান গুজবের বিরুদ্ধে একটি পোস্ট দেন তিনি। এ পোস্টের নিচে জোবায়ের হোসাইন লিখেন ‘ থু থু দিলাম তোদের মুখে’।

এরপর জোবায়ের হোসাইনকে রাতেই আটক করে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশে সোপর্দ করেন। তপুসহ ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি জোবায়ের হোসাইন শিবিরের সমর্থক। ছাত্রলীগ নেতাদের দাবি, ওই শিক্ষার্থীর মোবাইল চেক করে তপুকে হত্যা পরিকল্পনার তথ্য তারা পেয়েছেন। এ ব্যাপারে তারা পুলিশকেও জানিয়েছেন। একই অভিযোগে ইমতিয়াজ আহমেদ ফাহিম নামের একই বিভাগের আরেক ছাত্রকে আটকের পর গ্রেফতার করা হয়। রোববার সকালে দুই শিক্ষার্থীকে মতিহার থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করেন।

এদিকে রোববার সন্ধ্যায় আরএমপির মতিহার থানার ওসি শাহাদৎ হোসেন জানান, শনিবার রাতে রুয়েটের দুই শিক্ষার্থীকে পুলিশে দিয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের মোবাইল ফোন চেক করে ও ঘটনার প্রাথমিক তদন্তের পর দুই শিক্ষার্থীকে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুত্র-যুগান্তর

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com