শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : পিঁয়াজের বাজার আবারও অস্থির । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মসলা পণ্যটির দাম । গত এক সপ্তাহের ব্যবধানে পিঁয়াজের দাম কেজিতে আরও ১০ টাকা বেড়েছে । তিন থেকে চারটি কারণে বাজারে এর দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা ।
বর্তমানে কারওয়ান বাজারের পাইকারি পিঁয়াজের বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) পাবনার পিঁয়াজ ৫৭০-৫৮০ টাকা, রাজশাহীর পিঁয়াজ ৫৬০-৫৭০ টাকা ও ফরিদপুরের পিঁয়াজ ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে ।
পিঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে- বন্যা, বৃষ্টি ও সরবরাহ কম থাকাকেই দায়ী করছেন বিক্রেতারা ।
কারওয়ান বাজারে রাসেল নামের এক বিক্রেতা বলেন, গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে কৃষকরা হাটে কম পিঁয়াজ বিক্রি করছেন । যে কারণে বাজারে সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে । বৃষ্টির কারণে পিঁয়াজ নষ্টও হচ্ছে । তাই দামও বাড়ছে ।
এদিকে, দিনাজপুরের হিলিতেও পিঁয়াজের দাম বেড়েছে । হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বন্দরে আমদানি পিঁয়াজ প্রকারভেদে ৭২-৭৮ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা বেড়ে কেজিতে ৮৮-৯০ টাকায় বিক্রি হচ্ছে ।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশি পিঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশের বাজারে আমদানি ভারতীয় পিঁয়াজের ব্যাপক চাহিদা রয়েছে । কিন্তু চাহিদা অনুযায়ী, আমদানি বাড়ছে না । তাই দেশের বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে পিঁয়াজের দাম ।’
হিলি বাজারের পিঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘দেশে পিঁয়াজ আমদানির পরিমাণ কম । সেই সঙ্গে আমদানি পিঁয়াজের দাম ঊর্ধ্বমুখী । সে সুযোগে মোকামে অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা দেশি পিঁয়াজের দাম বাড়িয়েছেন । এছাড়া দেশি পেঁয়াজের মৌসুমও শেষ পর্যায়ে । তাই বাড়তি দামের আশায় স্বল্প পরিমাণে পিঁয়াজ বাজারে সরবরাহ করছেন কৃষকরা । মোকামে দুদিন আগেও পিঁয়াজের দাম ছিল মণপ্রতি ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকা । বর্তমানে তা ৫০০-৬০০ টাকা বেড়ে প্রতি মণ পিঁয়াজ ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে । বাড়তি দামে পিঁয়াজ কেনায় আমাদেরও সে অনুযায়ী বিক্রি করতে হচ্ছে ।’
প্রসঙ্গত, অভ্যন্তরীণ বাজারে পিঁয়াজের সংকট ও দাম বাড়ার কারণে গত ৭ ডিসেম্বর পিঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার । চলতি বছরের ৪ মে তা প্রত্যাহার করে নেওয়া হয় ।