সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে গিকা চৌধুরীর বিরুদ্ধে আরও ২ মামলা

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীর বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের হয়েছে চট্টগ্রামের আদালতে।

বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

এর মধ্যে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে একটি মামলা দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি।

আদালত মামলাটি গ্রহণ করে গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর এএইচএম মশিউর রহমান।

বাদীপক্ষের আইনজীবী সমীর দাশ গুপ্ত বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, উসকানিমূলক বক্তব্য দেয়া এবং তা গণমাধ্যমে প্রকাশ করার অভিযোগে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের আদালতে অপর মামলাটি করেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

এ মামলাটিও আদালত গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। এর আগের দিন বুধবার ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন বাদী হয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলায় থানা পুলিশ ফটিকছড়ি উপজেলার বিএনপির নেতা মনছুর আলম চৌধুরী (৪৭) ও নুরুল ইসলাম মেম্বার (৬০) নামে দুজনকে গ্রেফতার করে।

ফটিকছড়ি থানার ওসি জাকির হোসেন বলেন, ফটিকছড়ি থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

মঙ্গলবার জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার বিদায় তার বাবার চেয়েও করুণ হবে’ বলে মন্তব্য করেন।

এ বক্তব্যের প্রতিবাদে বুধবার রাতে ছাত্রলীগ নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। ভাঙচুর চালানো হয় নগরীর গুডস্ হিলস্থ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পৈতৃক বাড়িতে। বাড়ি আঙিনায় রক্ষিত ৯টি বিলাসবহুল গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া ঘরের ভেতরেও ভাঙচুর চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com