শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বুধবার সরকারি-বেসরকারি অফিস খুলেছে। স্টাফ রিপোর্টারঃ টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বুধবার সরকারি-বেসরকারি অফিস খুলেছে। এ কারণে তীব্র যানজট দেখা দিয়েছে রাজধানীজুড়ে। সকাল থেকেই ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ ঢাকার বিভিন্ন রাস্তা যানবাহনের চাপে রীতিমতো স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন অফিসগামীরা।
কারফিউ শিথিল রয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা থাকছে। গণপরিবহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারছেন না। রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে সকাল ১০টা ৫ মিনিটের দিকে প্রাইভেট কারে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হন এক যাত্রী।
বেলা সাড়ে ১১টার সময় তিনি কাজীপাড়ায় আটকে ছিলেন। স্বাভাবিক সময় এটুকু আসতে আধঘণ্টা সময় লাগে বলে গণমাধ্যমকে জানান ওই যাত্রী। কল্যাণপুর বাসস্ট্যান্ডে সকাল ১০টার দিকে শত শত কর্মজীবী পরিবহনের অপেক্ষায় ছিলেন।
রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রাইভেট কারে বনানীতে আসা এক যাত্রী বলেন, এক ঘণ্টারও বেশি সময় লেগেছে এ পথ আসতে। ফার্মগেটে যানজট দেখে গাড়ি তেজগাঁওয়ের ভেতর দিয়ে ঘুরে যেতেও অলিগলিতে যানজটে পড়েন তারা। মহাখালীতেও রয়েছে তীব্র যানজট।
সকাল সাড়ে ৯টার দিক থেকেই প্রচণ্ড যানজটের কবলে পড়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা। আশপাশের অলিগলিতেও যানজট রয়েছে। এক চাকরিজীবী নারী জানান, মোহাম্মদপুর থেকে সকাল ১০টায় রওনা দিয়ে কুড়িল পৌঁছেছেন দুপুর ১টার দিকে।