বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

পাটগ্রামে নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক ১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। ‎লালমনিরহাটের পাটগ্রামে ৬ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন ওরফে সেলিম (৪২) নামের এক মাদ্রাসার নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ‎​বুধবার রাতে অভিযান চালিয়ে হাতীবান্ধা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার সেলিম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে এবং উপজেলার মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।
‎​
‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী মজিবউদ্দিন ওরফে সেলিম মোবাইলে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে।

‎​কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
‎​
‎​পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, যৌন নির্যাতনের শিকার ৬ বছর বয়সী ওই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎​
‎​ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ধরতে অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলায় বোনের বাড়িতে যাওয়ার পথে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ।

‎​এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় হাতীবান্ধা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাটগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলও জানান তিনি। গ্রেপ্তারকৃত আসামিকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com