শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

পাকিস্তান পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় নিরাপত্তা কর্মকর্তাসহ ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমানাঘেঁষা দেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ স্টেশনে বোমা ও বন্দুক হামলা চালায় জঙ্গিরা। পুলিশ স্টেশনটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল দেশটির সেনাবাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের সূত্র জানায়, জঙ্গিরা বিস্ফোরক বোঝাই একটি ট্রাক নিয়ে থানার প্রধান ফটকে ধাক্কা দেয়, তারপর অন্যান্য জঙ্গিরা বন্দুক নিয়ে ভেতরে আক্রমণ করে। আশঙ্কা করা হচ্ছে, হামলার সময় থানার ভেতরে রাখা সামরিক গোলাবারুদও বিস্ফোরিত হতে পারে।
রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মকর্তা আইজাজ মেহমুদ বলেছেন, এ হামলায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখনও বন্দুকের গুলির শব্দ শুনতে পাচ্ছি।

এদিকে হামলার পরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে সম্প্রতি আত্মপ্রকাশ করা গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)। এতে বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। তবে হতাহত ব্যক্তিরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত করা হয়নি।

এই গোষ্ঠীটি তাহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি), (যা দেশটি প্রধান ইসলামপন্থী এবং সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী) সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট নয়। তবে টিটিপির মত তারাও সরকারকে উৎখাত করতে এবং দেশটিতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com