শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

পাকিস্তানে সাধারণ নির্বাচনে প্রথমবার হিন্দু নারী প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রথমবারের মতো এক হিন্দু নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার নাম সাভেরা প্রকাশ। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার পিকে-২৫ কেন্দ্র থেকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

টিভি৯-এর খবরে বলা হয়েছে, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দু নারী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাভেরা প্রকাশ পেশায় একজন চিকিৎসক। তিনি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার বাসিন্দা। তার বাবা ওম প্রকাশও অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং পিপিপি-র সক্রিয় সদস্য। সাভেরা ইতিমধ্যে বুনের জেলার পিকে-২৫ কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছেন।

২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন সাভেরা। তিনি বুনের পিপিপি মহিলা শাখার সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন। সাভেরা জানিয়েছেন, তিনি এলাকার দরিদ্রদের নিয়ে কাজ করার জন্য তার বাবার পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিলেন।

নির্বাচনে জয়ী হলে নারীদের অধিকার রক্ষা ও সামগ্রিক উন্নয়নের উপরই বিশেষ জোর দেবেন বলে জানিয়েছেন সাভেরা। তিনি হিন্দু হলেও মুসলিম সম্প্রদায়ের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাভেরার। ফলে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com