মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭

ছবি: সংগৃগীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সেরাই নওরং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডন’র।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী ও এক কিশোরীও রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বান্নুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরক ভর্তি কোনো লোডার রিকশা সেখানে রাখা হয়েছিল নাকি এটি আত্মঘাতী হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের ধরন নির্ধারণে কাজ করছেন।

নিহত দুই পুলিশ সদস্যের নাম আদিল জান ও রহাতুল্লাহ। তাদের মরদেহ তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় ব্যস্ত ওই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কটি বান্নু ও ডেরা ইসমাইল খান শহরের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে আশপাশের কয়েকটি দোকান ও তিনচাকার যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর নওরং সার্কেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশের নেতৃত্বে বড় একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ শুরু হয়।

এর আগে, শনিবার রাতে বান্নুর ফতেহ খেল পুলিশ পোস্টে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। সাম্প্রতিক এই বিস্ফোরণের ঘটনায় খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com