শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক::

পরীক্ষার সময় কোনও রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষা চলাকালে কোনও দল যেন এমন কর্মসূচি না দেয়, যাতে শিক্ষার্থীরা সংকটে পড়ে।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর আগে তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

দীপু মনি বলেন, ‘পরীক্ষার্থীদের জিম্মি করে কেউ কোনও প্রতিষ্ঠান চালাতে পারবে না। যেসব প্রতিষ্ঠান প্রবেশপত্র নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ভবিষ্যতে প্রবেশপত্র আগে দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী।

প্রশ্নপত্র ফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন।

২০২০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে। কেন্দ্র ওই নম্বর ব্যবহারিক নম্বরের সঙ্গে যোগ করে অনলাইনের মাধ্যমে বোর্ডে পাঠাবে। বোর্ড ফল তৈরি করবে।

শিক্ষামন্ত্রী জানান, এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে প্রশ্ন সেট কোড জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। ছবি তোলা যায় না, এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কেন্দ্র সচিব।

বরাবরের মতো ১ ফেব্রুয়ারি থেকে দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে তা পিছিয়ে নেওয়া হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে এ পরীক্ষা শুরু হয়েছে । ৩ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৫ মার্চ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com