শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক

নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক

নিজস্ব প্রতিবেদক:: কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে বিশেষ আমন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে সচিব বলেন, আজকের বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তিনি জানান, আজকের বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এ ঘটনায় ১৪৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তারপর আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এ ঘটনায় নিহতের সংখ্যা এখন ১৫০।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com