রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
আর মাত্র কয়েকদিন পরই ঈদুল ফিতর। ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। গ্রামের সঙ্গে তাদের আত্মিক সম্পর্কটি এখনো অটুট ও অম্লান রয়ে গেছে। বছরের অন্যান্য সময়ে ছুটিছাঁটা তেমন পাওয়া যায় না বলেই ঈদের সময় অনেক বেশি মানুষ শহর থেকে গ্রামে যান।
দীর্ঘ সময় পরিবার থেকে আলাদা থাকার পর ঈদে কাছের মানুষদের কাছে যাওয়া হয়, আনন্দে কাটানো হয় কয়েকটা দিন। তাই ঈদে সবারই থাকে বাড়ি ফেরার তাড়া। স্বাভাবিকভাবেই এ উৎসব ঘিরে থাকে আবেগ। সে আবেগের টানেই মানুষের ঘরে ফেরা।
পরিবারের সঙ্গে ঈদ পালন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সারাদেশে উৎসবের আমেজ। প্রতিদিন ঢাকা ছাড়ছে নগরবাসী। বাস, ট্রেন সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। ঈদ উপলক্ষে প্রাণ ফিরেছে সদরঘাটে। এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক বলে যাত্রীরা জানিয়েছেন। ঈদে যান চলাচল বাড়লেও এখনো যানজটের তীব্রতা দেখা যায়নি। ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতেও দুর্ভোগ নেই বলে জানা গেছে। অনেক মানুষ ঢাকা ছাড়ায় ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে যানজটের নগরী ঢাকা।
ধর্ম-বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে সব মানুষ ভাগাভাগি করে নেয় ঈদের আনন্দ। ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ ঢাকাসহ অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে যান। নিরাপদে বাড়ি ফেরার প্রত্যাশা থাকে সবার। এই আনন্দকে আরও পূর্ণতা দিতে এবং দুর্ভোগ কমানোর জন্য টিকিট কেনাবেচা ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে শৃঙ্খলা ও ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ও লঞ্চ সড়ক ও নৌপথ থেকে সরানো জরুরি। নাড়ির টানে ব্যস্ততম নগর ছেড়ে রেল, নৌ ও সড়ক পথে গ্রামের বাড়ি যাচ্ছেন সবাই। ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে বাস ও ট্রেনের টিকিট কাউন্টারগুলোতে। বাড়তি চাপ আর ঝুঁকি এড়াতে যারাই সুযোগ পেয়েছে, ছুটছেন বাড়ির পথে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন সরকারের পক্ষ থেকে। নানা ধরনের কর্মব্যস্ততা ও উন্নত জীবনধারার জন্য গ্রামের মানুষ শহরে বসবাস করলেও ঈদে সবারই থাকে বাড়ি ফেরার ব্যস্ততা, গ্রামে ফিরতে রীতিমতো যুদ্ধ করতে হয় নগরবাসীদের। উৎসবকে কেন্দ্র করে বেড়ে যায় রোড অ্যাক্সিডেন্টের মাত্রা, বেড়ে যায় ছিনতাই, চুরি, চাঁদাবাজির মতো অনেক সামাজিক অপকর্ম। টিকিট ভোগান্তি, টিকিট পেলেও কয়েকগুণ বেশি দাম, যানজটসহ নানা ধরনের সমস্যায়ই পড়তে হয়। বিশেষ বা অতিরিক্ত বাস- ট্রেনও এই মানুষের স্রোত সামলে উঠতে হিমশিম খায়। উপরন্তু বেশি ভাড়ার বিড়ম্বনা। এ ছাড়া প্রতিবছর দেখা যায়, ঈদের সময় বিভিন্ন চক্র যেমন ছিনতাইকারী, মলম পার্টি, গামছা পার্টির আবির্ভাব হয়। বিশেষ করে মলম পার্টির প্রাদুর্ভাব ঈদের সময় বেশি দেখা যায়। তারা খাবারের মধ্যে নেশাজাতীয় বা চেতনানাশক দ্রব্য মিশিয়ে মানুষকে অজ্ঞান করে অর্থ, ফোন এবং প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ে নেওয়াই তাদের কাজ।
এবারের ঈদুল ফিতরে রাজধানী ঢাকা থেকে কম বেশি ১ কোটি মানুষ ঘরমুখী যাত্রা করবে। দেশের অভ্যন্তরে প্রায় ৫ কোটি মানুষ যাতায়াত করবে। দূরপাল¬ার পরিবহনে টিকিট না পেলেও কেউ কেউ ভেঙে ভেঙে গাড়িতে পাড়ি জমিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যাচ্ছেন পারিবারিক সদস্যদের ভালোবাসার টানে। ঈদের সুখ ভাগাভাগি করতে পথে যতই ভোগান্তি ও দুর্ভোগ হোক না কেন, পরিবার-স্বজনদের দেখা মিললে নিমিষেই মুছে যায় সব ব্যথা। আনন্দের ঈদযাত্রা যেন বিষাদে পরিণত না হয়, এই প্রত্যাশা সবার।