রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নারী পাচার: নৃত্যশিল্পী ইভান ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক::

বিদেশে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

গত ১৫ সেপ্টেম্বর লালবাগ থানায় মানবপাচার আইনে দায়ের করা মামলায় ইভানের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে দেন।

রিমান্ড শুনানিকালে ইভানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ইভানের পক্ষে তার আইনজীবী খান মাহমুদুল হাসান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেপ্তার করে সিআইডি। ১২ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরদিন আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

জানা গেছে, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মাসে মানবপাচারকারী চক্রের মূল হোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, এই চক্রটি মূলত দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্স বারে চাকরি দেওয়ার কথা বলে নারী পাচার করতো। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার আছে। দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ-গান করে তাদের অধিক আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌন কর্মে বাধ্য করা হতো।

সিআইডি সূত্র আরও জানা গেছে, গত ২ জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ।

উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। বিভিন্ন অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com