রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

নাবিকদের ফিরিয়ে আনতে সুখবরের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ॥
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া জাহাজ এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেছেন, আমরা চেষ্টা করছি ঈদের আগেই নাবিকদের দেশে ফিরিয়ে আনতে।

তিনি জানান, ইতিমধ্যে মালিকপক্ষের সঙ্গে দস্যুদের ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে। তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা এগিয়েছে অনেক দূর। যে কোনো সময় নাবিক ও জাহাজের জিম্মি দশার অবসান হতে পারে বলে আশাবাদী জাহাজটির মালিকপক্ষ।

মিজানুল ইসলাম আরও বলেন, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আলোচনার মাধ্যমে অক্ষত অবস্থায় নাবিকদের ফিরিয়ে আনা। সেই লক্ষেই আমরা কাজ করছি। আশা করছি শিগগিরই সুখবর পাব। জানা যায়, ভারত মহাসাগর থেকে ছিনতাই হওয়া আবদুল্লাহকে জিম্মি করার আট দিনের মাথায় মালিকপক্ষের সঙ্গে প্রথম যোগাযোগ করে জলদস্যুরা। এ কয়েক দিনে দুইপক্ষের আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অগ্রগতির টনিক হিসেবে কাজ করছে জাহাজ উদ্ধারে ইইউ নেভাল ফোর্স, ভারতীয় নৌবাহিনী এবং সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশের তৎপরতা।

এ চাপের কারণে আলোচনার দ্রুত অগ্রগতি হচ্ছে। প্রসঙ্গত, ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন, যাদের সবাই বাংলাদেশি নাগরিক। জাহাজটি চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশনের। এর আগেও এই প্রতিষ্ঠানের আরেকটি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com