শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি : যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, ধর্ষণচেষ্টার অভিযোগ অন্তঃসত্ত্বা গৃহবধূর, কুমিল্লার চান্দিনায় তানভীর আহমেদ ভূঁইয়া (৩২) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । মঙ্গলবার মধ্যরাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে । আজ বুধবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ । জিজ্ঞাসাবাদের জন্য সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।
তবে অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবি, ধর্ষণের চেষ্টা করলে তানভীরকে তার স্বামী মারধর করেন । এতে তার মৃত্যু হয় ।
নিহত তানভীর আহমেদ ভূঁইয়া একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে । তিনি বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন ।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ । কিন্তু ঘটনাটি স্থানীয়রা জানেন না । বিষয়টি রহস্যজনক । গভীর রাতে তানভীর সেখানে কেন গিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।
রাবেয়া নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ জানান, রাত ২টায় তানভীর তার ঘরে ঢোকে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে । এ সময় তার স্বামীর সঙ্গে তানভীরের ধস্তাধস্তি ও মারমারির ঘটনা ঘটে । তার স্বামী তানভীরকে মারধর করলে অচেতন হয়ে পড়ে । একপর্যায়ে সে মারা যায় ।
তবে নিহত তানভীরের মা নিলুফা বেগম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে । ওই নারী যা বলছেন তা মোটেও সত্য না । আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই ।’
বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভূঁইয়া বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, হত্যাকাণ্ডটি সন্দেহজনক । এ নিয়ে এলাকার কেউ মুখ খুলছে না ।’
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত বলেন, নিহত তানভীরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । তা পায়ে কাটার দাগ রয়েছে । তবে কি কারণে হত্যা করেছে এ বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি । জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে । তদন্তের পর বিস্তারিত জানা যাবে । নিহত তানভীরের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে ।