শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, স্বজন ও হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা, চুরি, দালালচক্রের দৌরাত্ম্য ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মোতায়েনকৃত আনসার সদস্যরা হাসপাতালের প্রধান ফটক, জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন। তারা সার্বক্ষণিক নজরদারি ও নিয়মিত টহলের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন বলেন, “রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় থাকবে, চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং রোগী ও তাদের স্বজনরা আরও নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।”
তিনি আরও বলেন, “হাসপাতালকে দালালমুক্ত, নিরাপদ ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে রোগী, স্বজন ও সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
হাসপাতালে আগত রোগী ও স্বজনরা আনসার সদস্য মোতায়েনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ উদ্যোগের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং চিকিৎসাসেবা গ্রহণে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।