বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

দোহারে ২৪ ঘন্টায় নারীসহ গ্রেপ্তার ১৬, আতংকে আওয়ামী সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক:: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গত ২৪ ঘন্টায় দোহার থানা পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। দোহার থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এদিকে গ্রেপ্তার আতংকে আওয়ামী কর্মী সমর্থকরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

পুলিশ সূত্রে জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে দোহার থানা পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে দোহারের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করে। এর মধ্যে অন্য মামলার আসামীও রয়েছে। ১ আগস্ট থেকে চলমান অভিযানে দোহার থানা পুলিশ প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করে। এরমধ্যে আওয়ামী নেতা রয়েছে ৭জন। এদেরকে পুরনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

এদিকে গ্রেপ্তার আংতকে রয়েছে দোহারের আওয়ামী কর্মী সমর্থকরা। পুলিশ তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। তবে যাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে তাদের কারো নামে কোনো মামলা নেই। আওয়ামী নেতাদের সাথে ছবি আছে এমন কাউকে পেলেই পুলিশ সেই ছবির চিত্র হাতে নিয়ে গ্রেপ্তার অভিযান করে। আগস্ট মাস উপলক্ষ্যে গ্রেপ্তার এড়াতে পদ-পদবীসহ নেতাকর্মী ও সমর্থকরা আত্মগোপনে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ পড়ুয়া তরুণ বলেন, তিনি কখনো কোনো দল করেনি। তারপরও ছাত্রলীগের প্যাডে একটি কমিটি দেখিয়ে সেখানে নাম আছে অভিযোগে পুলিশ তাঁকে খুঁজতে থাকে। এ অবস্থা আতংকে ভূগছে সাধারণ মানুষ। কখন কার নাম এভাবে কমিটি সাজিয়ে পুলিশ হয়রানি করবে সে বিষয়ে অনেকেই সন্ধিহান প্রকাশ করছে। প্রবাস ফেরত কয়েকজনকে কমিটির কাগজ দেখিয়ে অর্থ আদায়েরও অভিযোগ আছে দোহার থানা পুলিশের বিরুদ্ধে।

এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দক বলেন, এ ধরনের অভিযোগ নেই তা নয়। একটি চক্র শত্রুতাবশত এবং পুলিশকে বিভ্রান্ত করতে এমন অপপ্রচার করছে। তবে গ্রেপ্তারের আগে স্থানীয়ভাবে যাচাই বাছাই করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ বা নিষিদ্ধ সংগঠনে নেই এমন কাউকে হয়রানি করা হবে না। পুলিশ বিষয়টি সর্তকভাবে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com