বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

আবেগঘন সংবর্ধনা পেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: দীর্ঘদিন শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের পাঠদান ও বিদ্যালয়ের নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর অবসরজনিত বিদায় নিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের স্বনামধন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আবেগঘন বিদায় অনুষ্ঠান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় হাই স্কুলের আয়োজনে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় হাই স্কুলের সভাপতি মাওলানা মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন, মাহমুদুল নবী পান্না, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহসিন আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, শিক্ষা সমিতির সভাপতি ফেরদৌস আলম মানিক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, হুমায়ুন কবির, সাবেক ভিপি রবিউল ইসলাম এবং অভিভাবক সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক।

বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবালের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবসর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের জন্য আবেগঘন একটি মুহূর্ত।

বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক এ কামনা করেন। এ সময় বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষকের বিদায়ে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com