বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দোহারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কম্বল বিতরণের অভিযোগ বিএনপি নেতা বহিষ্কার

দোহারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কম্বল বিতরণের অভিযোগ বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের অন্তরা সেলিমা হুদার পক্ষে কম্বল বিতরণের ঘটনায় বিএনপি নেতা ফারুক মোল্লাকে দল বহিষ্কার করেছে।

সোমবার দুপুরে দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ কর্তৃক স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তিতে ফারুক মোল্লাকে বহিস্কার করা হয়। ফারুক কুসুমহাটি ইউনিয়নের সহ-সভাপতি।

দলীয় সূত্রে জানা গেছে, ফারুক মোল্লা দলীয় শৃংখলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কম্বল বিতরণ করেছে। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে বহিস্কার করা হয়।

উল্লেখ্য, রোববার (২৫ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আরিতা গ্রামে কম্বল বিতরণের এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। পরে তাঁকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, “দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে ফারুক মোল্লাকে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ফারুক মোল্লা বলেন, “অন্তরা হুদার বাবা নাজমুল হুদার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিলো। সে কারণে কম্বল পাঠিয়েছেন। আমি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলাম। দল যেটা ভালো মনে করেছে তাই করেছে এ বিষয়ে কিছু বলার নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com