মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

দোহারে নসিমনের চাপায় অটোরিক্সা চালক নিহত

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহার বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মির হোসেন (৬০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত মির হোসেন উপজেলার দোহার ঘাটা এলাকার আব্দুল ওহাবের ছেলে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে উপজেলার দোহার বাজার সংলগ্ন এলাকায় মির হোসেনের চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক মির হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা এসে তার লাশ শনাক্ত করলে পুলিশ সুরতহাল করে। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করে পুলিশ তাদেরকে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে দোহার থানার ওসি মো আবু বকর সিদ্দিক বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দোহারে সার্কেলের জেষ্ঠ্য সহকারি পুলিশ সুপার শামীম হোসেন বলেন, কেউ মামলা না করে স্থানীয়ভাবে নিহত পক্ষের সাথে আপোস করলে তখন পুলিশের কি করা থাকে। যে কারণে এ ধরনের দুর্ঘটনায় আহত নিহতের বিচার নিয়ে জটিলতায় পড়তে হয়।

উল্লেখ্য, অবৈধ নসিমনের কারণে দোহারে গত এক বছরে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত নিহতরা থানায় অভিযোগ করলেও পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে তার আইনী প্রক্রিয়া থেমে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com