মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

দোহারে ইউসুফপুরে জনস্বাস্থ্য হুমকিতে

নিজস্ব প্রতিনিধি॥ ঢাকার দোহার পৌরসভার ইউসুফপুর থেকে নবাবগঞ্জের নিকরা পর্যন্ত সংযোগকারী বাইপাস সড়কটি যেন ধীরে ধীরে অবৈধ ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। দিনের পর দিন সড়কের দুই পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিবেশ দূষণ। দুর্গন্ধ, মশার উপদ্রব ও স্বাস্থ্যঝুঁকিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের হাজারো বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ট্রাক, ভ্যান ও ছোট যানবাহনে করে এখানে গৃহস্থালি বর্জ্য, বাজারের পচনশীল আবর্জনা এবং নির্মাণ বর্জ্য ফেলা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব ও কার্যকর পদক্ষেপ না থাকায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমে রয়েছে। পচা আবর্জনা থেকে বের হওয়া দুর্গন্ধে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই এসব বর্জ্যের ময়লা আশপাশে ছড়িয়ে পড়ে, ফলে পরিবেশ দূষণের পাশাপাশি রোগব্যাধির আশঙ্কাও বাড়ছে। এলাকাবাসীর ভাষ্য, সন্ধ্যার পর দুর্গন্ধ এতটাই তীব্র হয়ে ওঠে যে ঘরের জানালা-দরজা বন্ধ রেখেও স্বস্তি মেলে না। মশা ও মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ডায়রিয়া ও বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় সচেতন মহলের দাবি, গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়কের পাশে অবাধে ময়লা ফেলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, সতর্কীকরণ সাইনবোর্ড টানানো এবং অবৈধভাবে বর্জ্য ফেললে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ইউসুফপুর-নিকরা বাইপাস সড়কটি স্থায়ীভাবে একটি অস্বাস্থ্যকর বর্জ্যভূমিতে পরিণত হবে, যার ভয়াবহ প্রভাব পড়বে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর।

স্থানীয়দের একটাই প্রশ্ন জনবহুল এলাকার মাঝখানে এভাবে আর কতদিন চলবে অবাধে ময়লা ফেলা? প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই এখন সময়ের দাবি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com