শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দীর্ঘ ২০ বছর পর আজ ইলিশের বাড়ি’ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
দীর্ঘ দুই দশক (২০ বছর) পর আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে ‘ইলিশের বাড়ি’ খ্যাত চাঁদপুরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সফরকালে তিনি জেলার সেচ সুবিধা বাড়াতে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখলন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

শনিবার (১৬ মে ২০২৬) সকালে রাজধানী ঢাকা থেকে কুমিল্লা হয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। চাঁদপুর-কুমিল্লা সীমান্তের বরুড়া এলাকায় একটি পথসভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনভর প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা
খাল পুনঃখলন উদ্বোধন: দুপুরে প্রধানমন্ত্রী শাহরাস্তির উয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল এবং পরবর্তীতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখলন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ফ্যামিলি কার্ড বিতরণ: বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এই মাঠ থেকেই ভার্চ্যুয়ালি দেশের আরও ২১টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন সরকারপ্রধান।

প্রতিনিধি সভা: সফর শেষে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক নির্দেশনা দেবেন তিনি।

উচ্ছ্বসিত নেতাকর্মীরা, ইপিজেডের প্রত্যাশা
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই চাঁদপুরে আনন্দ মিছিল ও শোডাউন করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ছাত্রদলের বিশাল শোডাউন ছিল চোখে পড়ার মতো।

গতকাল শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,

“প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর চাহিদা সম্পর্কে পূর্ণ অবগত আছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নই আমাদের প্রধান চাওয়া। চাঁদপুরবাসী হতাশ হবে না বলে আমার বিশ্বাস।”

তিনি আরও জানান, মেঘনাপাড়ের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও জেলায় একটি ইপিজেড (EPZ) স্থাপনের সব ধরনের যৌক্তিক পরিবেশ রয়েছে, যা এখন প্রধানমন্ত্রীর ঘোষণার ওপর নির্ভর করছে।

নিরাপত্তা ও প্রশাসনের প্রস্তুতি
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর যাতায়াতের রুটগুলোতে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের দুর্ভোগ এড়াতে জেলাজুড়ে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সঙ্গী হচ্ছেন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা
প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন:

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হাসান

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুদু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

এছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য সচিব সালেহ শিবলী, গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যরা এসব কর্মসূচিতে অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com