বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ডা. দীপু মনি একুশের কণ্ঠ প্রতিবেদন:: সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তির আদেশ দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রীর মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার মুক্তির আদেশ দেওয়া হয়। আওয়ামী লীগ নেত্রীর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার প্যারোল আবেদন করা হয়।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার জন্য সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। তার ৪ দিনের মুক্তির আবেদন করা হয়েছিল।
দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এর আগে বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে মায়ের সঙ্গে দেখে করতে কারাগারে ভেতরে প্রবেশ যান। কারাগার থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দিলে ১২ ঘণ্টার জন্য প্যারোল দেওয়া হয়। এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীপু মনির চার দিনের প্যারোল মুক্তি চাওয়া হয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।
অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন তারা জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
আবেদনপত্রটি গৃহীত হলে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে দীপু মনিকে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানান তিনি।
পরিবারের সদস্যরা জানান, স্বামীর শেষ যাত্রায় অংশ নেওয়ার জন্য মানবিক দিক বিবেচনায় দীপু মনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে তারা আশাবাদী। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনের অনুমোদনের ওপর নির্ভর করছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।