শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

তৃতীয় ধাপের ৯০ উপজেলায় ভোট নিতে প্রস্তুত ইসি

নিজস্ব প্রতিনিধি : তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (২৯ মে) । নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন । এ উপলক্ষে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি । ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ ।
ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট । সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গঠিত বিভিন্ন টিমের বিষয়ে ইসির এক নির্দেশনায় বলা হয়েছে, ভিজিল্যান্স টিম ও অবজারভেশন টিম, মনিটরিং টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন এবং ওই টিমসমূহের কার্যক্রম নির্ধারিত তিন দিন পর পর বা ক্ষেত্রমতো তাৎক্ষণিক নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে । রিটার্নিং কর্মকর্তা টিমসমূহ কর্তৃক নির্বাচন কমিশন সচিবালয়কে অবগত করানোর জন্য নির্দেশনা দেবেন । এছাড়া উপজেলা নির্বাচনের সামগ্রিক কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে, আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে পরামর্শক্রমে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে ।

তৃতীয় ধাপের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা সোমবার মধ্যরাতে শেষ হয়েছে । এই ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন ।

গতকাল রাত ১২টায় শেষ হয়েছে এই ধাপের প্রচার-প্রচারণা । নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা পূর্বেই সবধরণের প্রচার-প্রচারণা বন্ধ থাকে । বুধবার  ৯০ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে । সেই হিসেবে গতকাল রাত ১২টার পর থেকে প্রার্থীরা কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন না ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com