শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিরতির পর টানা তিন দিনের কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি । এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পতনের দুদিন পর ৭ আগস্ট ঢাকায় সমাবেশ করেছিল দলটি । এবার কর্মসূচি দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলও । শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তিন দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি । আজ বুধবার থেকে শুরু হওয়া কর্মসূচি সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে পালিত হবে । কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে । কর্মসূচি পালনে আওয়ামী লীগের কেউ বাধা দিলে শক্তভাবে প্রতিহত করবেন বিএনপির নেতাকর্মীরা । এ ক্ষেত্রে দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবেন না । সম্প্রতি বিএনপির দায়িত্বশীল পর্যায়ের নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে ।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ছাত্র-জনতার তুমুল বিক্ষোভ এবং আন্তর্জাতিক প্রবল চাপে জাতিকে অন্ধকারে রেখেই ৫ আগস্ট গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা । এজন্য সন্তোষ প্রকাশ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়কসহ সর্বস্তরের ছাত্র-জনতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় বিএনপি । এরপর ৭ আগস্ট ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি । উদ্ভূত পরিস্থিতিতে ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে । গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ১৬-১৭ বছর ভয়ের রাজত্বে ছিলাম । আমাদের অনেক সাথি, বন্ধু শহীদ হয়েছেন । দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে । আমরা জানি চক্রান্তকারীরা কারা, দেশের সবাই তাদের চেনেন । তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে বিএনপি ও অন্য সংগঠনগুলো সর্বাত্মকভাবে সারা দেশে কর্মসূচি পালনে রাজপথে থাকবে ।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা কালবেলাকে জানান, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন শুরু করে আওয়ামী লীগ । মূলত ২০০৬ সালে বিএনপি ক্ষমতাহীন হলে বিরোধীমতের ওপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে । বাধ্য হয়ে বিএনপির অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান । অনেকের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে নির্যাতন শুরু হয় । এর পর থেকেই বাসাবাড়িতে থাকতে পারেননি দলটির হাজার হাজার নেতাকর্মী। এভাবে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ । ফলে বিপুল জনসমর্থন থাকার পরও পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ আক্রমণে দীর্ঘ ১৬ বছর ধরে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে বিএনপি ।
দলটির দপ্তর সূত্র জানায়, এই লম্বা সময়ে বিএনপি নেতাকর্মীরা হামলা-মামলায় আরও বিপর্যস্ত হয়ে যান । বিশেষ করে মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে । ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে । এতকিছুর পর সময় সুযোগ বুঝে রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । আওয়ামী লীগ সরকারের পতনের একদফা দাবিতে ২০২২ সাল থেকে লাগাতার আন্দোলন শুরু করে বিএনপি । ৫৫টি রাজনৈতিক দল যুগপৎভাবে একই কর্মসূচি পালন করে । ২০২২ সালে সারা দেশে বিএনপি বিভাগীয় সমাবেশ, তারুণ্যের সমাবেশ, পদযাত্রাসহ অনেক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে । এসব কর্মসূচি তারা নির্বিঘ্নে পালন করতে পারেনি । আওয়ামী লীগ সরকার, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অতিমাত্রায় বল প্রয়োগ করে । সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং তা ঠেকাতে সারা দেশে লাগাতার কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলো । এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রায় ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় । সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ও তার সরকারের নির্দেশে সারা দেশে পাঁচ শতাধিক ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে ।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, প্রায় ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম, খুন, চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে দেশকে অকার্যকর ও গণতন্ত্রহীন করে ফেলে । কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি । ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে । স্বৈরাচারের দোসসরা এখনো দেশকে নিয়ে চক্রান্ত করছে । তারা অসংখ্য ছাত্রজনতাকে হত্যা করেও ক্ষ্যান্ত হয়নি । এ অবস্থায় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি চুপ করে থাকতে পারে না । আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্রজনতাকে গণহত্যা এবং তার দোসরদের বিচারের দাবিতে সারা দেশে মিছিল-সমাবেশসহ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকব । এ বিষয়ে আমরা জাতিসংঘের মাধ্যমেও স্বচ্ছ তদন্ত চেয়েছি । কোনো চক্রান্তকারীকে ছাড় দেওয়া হবে না । তিনি বলেন, আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই । কেউ পায়ে পাড়া দিলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে ।
বিএনপির চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির বিশেষ সহকারী বদরুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও বিরোধী দলগুলোর ওপর কী ধরনের আচরণ করেছে, তা দেশবাসী জানে । বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্যায়ভাবে জেলে নিয়েছিল । তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে । অথচ ওয়ান ইলেভেনের সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনার নামেও মামলা হয়েছিল । কিন্তু হাসিনা ক্ষমতায় এসেই নিজের সব মামলা প্রত্যাহার করেন । অন্যদিকে, বিএনপিসহ বিরোধী দল ও মতের ওপর অকথ্য নির্যাতন-নিপীড়ন শুরু করেন । আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন ও গুম করা হয়েছে । গায়েবি মামলায় কারাগারে দিনের পর দিন রেখে অকথ্য নির্যাতন করা হয়েছে । এসব ঘটনা কী আমরা ভুলে গেছি? সুতরাং স্বৈরাচার আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না ।
আজ থেকে তিন দিনের কর্মসূচি: গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা কতৃর্ক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে । বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো । এ ছাড়া যুবদলের উদ্যোগে আজ বুধবার এবং আগামীকাল সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে । একই কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদলও । স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার সব শাখায় বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে । খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে সারা দেশের জেলা/মহানগর, উপজেলা/পৌরসভায় মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হবে । কৃষকদলও তিন দিনের কর্মসূচি দিয়েছে । আজ এবং আগামীকাল সব শাখায় এবং ঢাকা মহানগরীর সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল-সমাবেশ হবে ।