শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজস্ব প্রতিবেদক:: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের ব্যর্থ করে দিতে অনেক অপচেষ্টা চলছে, আমাদের ব্যর্থ হওয়া যাবে না।
শনিবার (১০ আগস্ট) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি ও মনের কথা তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, যেকোনা কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে। স্বপ্ন না থাকলে কাজ করা যায় না। সবকিছু উলট-পালট হয়ে যায়। স্বপ্ন থাকলে স্বপ্নের পিছনে ঝাঁপিয়ে পড়তে হয়। দেখবেন হয়ে গেছে। প্রথমে মনে হবে অসম্ভব জিনিস। তোমাদের যে ক্ষমতা, সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টিয়ে ফেলতে পারবা। বাংলাদেশে ছোট্ট একটা বিষয় তোমাদের কাছে। পিছু হটবা না।
তিনি বলেন, আবু সাঈদ যেভাবে (অন্যায়ের বিরুদ্ধে) দাঁড়িয়েছেন আমাদেরও সেভাবে দাঁড়াতে হবে। কোথাও যেন কেউ কোনো গোলযোগ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ড. ইউনূস বলেন, আজকে গেলাম আবু সাঈদের বাড়িতে, সে শুধু এখানে প্রাণ দিয়েছে—তা নয়। আমরা মহাকাব্য পড়ি, মহাকাব্যে নায়ক থাকে, সাংঘাতিক ঘটনা ঘটে। এই নায়ক-নায়িকারা কী সাংঘাতিক রকমের ক্যারেকটার। আবু সাঈদ হলো মহাকাব্যের চরিত্র। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচিত হবে।
তিনি বলেন, সে দেখিয়ে গেল, চমকে গেছে মানুষ! গুলিটা খাওয়ার ছবি দেখলো, আর মানুষকে থামানো যায়নি। সবার তখন মনে হয়েছে, আমিই তো আবু সাঈদ। মারো কত মারতে পারো। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছ, এটা শুধু বাংলাদেশের ঘটনা না। সবাই দেখছে, একটা সরকার এই ছাত্ররা কীভাবে উঠিয়ে ফেলতে পারে। যেটা করেছ, সেটাকে আমরা বলছি দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যাতে আমাদের হাত থেকে ফসকে না যায়।
তিনি আরও বলেন, তোমাদের যে ক্ষমতা, তা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে ফেলতে পারো। পিছু হটবা না। আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। তোমাদের যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল, তোমাদের আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি নাই। তোমরা যেন ব্যর্থ না হও। তোমাদের পরে যারা আসছে, তারা যেন এ কথা না বলে, তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা ঢুকতে পারিনি। কারও পথ যেন আটকে না থাকে। তুমিও আটকে রাখবে না, ভবিষ্যতে আর কেউ যেন আটকে না রাখে।’
দ্বিতীয় বিজয় ধরে রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, এবার যেন ব্যর্থ না হয়। ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে। তোমরা জানো, তোমাদের ব্যর্থ করে দেওয়ার জন্য। যা আছে কপালে, আমাদের জেনারেশন সব বাদ দিয়ে দাও। পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নাই।
ড. ইউনূস বলেন, গন্তব্য হলো মুক্ত হয়ে যাওয়া। আমাদের কেউ পেছনে টেনে রাখতে পারবে না। নিয়ম-নীতি যা আছে, নিয়ম-নীতির মতো চলবে। হিন্দুদের আক্রমণ চলছে, বৌদ্ধদের আক্রমণ চলছে। কয়জন আছে! কী জন্য তাদের নিয়ে টানাটানি! এরা কি দেশের মানুষ না!