শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ঢাকাসহ ৪ জেলায় ৯ ঘণ্টা কারফিউ শিথিল নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকাসহ চার জেলায় আজ শনিবার কারফিউ চলমান থাকবে। তবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। বাকি তিন জেলা হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী।
শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে।
এ বিষয়ে আজ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে সহিংসতার জেরে ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে ২১ জুলাই সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য তা বাড়ানো হয়। তবে প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য শিথিল করা হচ্ছে কারফিউ।