শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ঢাকাসহ ৪ জেলায় ১১ ঘণ্টা কারফিউ শিথিল নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় রবি, সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেহেতু ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা আমাদের যে কারফিউ চলছে, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি।”
তিনি জানান, ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় তিন দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরও কোটার নামে এই বর্বরতা কেন, এটাই জাতির কাছে জিজ্ঞাসা। এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন, তাদের থেকে আন্দোলন ভিন্ন দিকে যারা নিয়ে গেছেন, সবাইকে এই দায়িত্ব নিতে হবে। ছাত্র ভাইয়েরা যারা এখনও আন্দোলন প্রত্যাহার করেননি, তাদের (আন্দোলন) প্রত্যাহার করার অনুরোধ করব। তারা যদি প্রত্যাহার না করেন, এই দায় এড়াতে পারবেন না।”