বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
অনলাইন প্রতিবেদক:: ঢাকা ও বাগেরহাট জেলার পুলিশ সুপারসহ পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ অধিদপ্তরের এসপি শামীমা পারভীনকে। তিনি বর্তমান এসপি মো. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। মিজানুর রহমানকে পিবিআই-তে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান এসপি মোহাম্মদ হাছান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন-১৩-এর অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে এপিবিএন-১২-এর অধিনায়ক করা হয়েছে।
সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মকবুল হোসেনকে কুষ্টিয়ার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।