রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ঢাকার আদালতে পাকিস্তানি নাগরিকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: ১০ বছর আগে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানি দুই নাগরিকের কাছ থেকে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় পাকিস্তানের করাচীর পাঞ্জাবের মুলতান থানার এলাহী বক্সের ছেলে আল্লা বক্সকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় দেন।

রায় ঘোষণার আগে আল্লা বক্সকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর শওকত আলম সাজার বিষয় নিশ্চিত করেন।

আরেক আসামি করাচীর গুলশান-এ-ইকবালের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হারুন (৬০) মামলার বিচার চলাকালে মারা গেছেন। তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্রেখ্য, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে ওই দুই পাকিস্তানী নাগরিক এয়ার লাইনসে করে বিমানবন্দর নামেন। বের হওয়ার সময় এপিবিএন ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন পায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি বিমানবন্দর থানায় মামলা করেন সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুর রহমান। মামলাটি তদন্ত করে সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দেওয়ান কউসিক আহমেদ ওই বছরের ৩০ মে পাকিস্তানি ওই দুই নাগরিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরের বছর ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com